করোনা পরিস্থিতিতে মানবিক কারণে ও দুর্দশা লাঘবে সাংবাদিক ও প্রবাসীদের প্রণোদনাসহ কর্মহীন শ্রমিকদেরকে ২৫ রমজানের মধ্যে ১৫ হাজার টাকা করে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন।
বুধবার পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে করোনাযোদ্ধা গণমাধ্যম কর্মীদেরকে উল্লেখযোগ্য প্রণোদনা, অসহায় হয়ে যাওয়া প্রবাসীদের পরিবারকে নগদ সহযোগিতা দেয়ারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রবাসী শ্রমিক যারা রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাদের সিংহভাগই প্রবাসে কর্মহীন। দেশে তাদের অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। তাই তাদের পরিবারকেও প্রণোদনা দিতে হবে।
দেশের এই সংকটকালে সড়ক পরিবহন, নৌ পরিবহন, হোটেল-রেস্তোঁরা, নির্মাণ শ্রমিক, হকার, বন্ধ কলকারখানার শ্রমিক, দোকান কর্মচারী, দিনমজুর, শিক্ষক কর্মচারীসহ সব পেশার শ্রমিকদের ১৫ হাজার টাকা করে প্রদান করারও আহ্বান জানান তিনি।
সেই সাথে দেশের ধন্যাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী ও শিল্পপতিদেরকে সঠিকভাবে যাকাত প্রদান এবং সম্পদের ১০ শতাংশ দান করারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।








