ঈদ-উল-ফিতর-এর জন্য ১৮টি ছোটবড় ফেরি নিয়ে যাত্রী পরিবহণ পারাপারে প্রস্তুত পাটুরিয়া ফেরিঘাট। ৩৭টি লঞ্চ নিয়ে প্রস্তুত লঞ্চ ঘাটও। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের পারাপারের অন্যতম এ ফেরিঘাটে পবিত্র ঈদ উপলক্ষে নিয়েছে বিশেষ প্রস্তুতি।
দেশের অন্যতম প্রধান ফেরিঘাট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার ছোট বড় গাড়ি এবং ট্রাক পারাপার হয়। ঈদের সময় তা দুই থেকে তিনগুণ বেড়ে যায়।
প্রতিবছর ঈদ সামনে রেখে ঘাট কর্তৃপক্ষের তোড়জোড় বাড়ে। এবারের ঈদ-উল-ফিতর-এও বড়সড় প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি।
দক্ষিণাঞ্চলের ঈদে ঘরমুখো মানুষদের স্বচ্ছন্দে, নিরাপদে ও দ্রুত পারাপারের জন্য এবার সর্বাধিক আঠারোটি ফেরি চালু করবে বলে জানান বিআইডব্লিউটিসি’এর এজিএম জিল্লুর রহমান।
ঈদে বাড়ি যাওয়া মানুষের দুর্ভোগ কমাতে এবার প্রায় সাড়ে ৩ শ পুলিশ সদস্যের বিশাল টিম কাজ করবে পাটুরিয়া ঘাট এলাকায়। বসানে হয়েছে সিসি টিভি। চালু করা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ এবং ওয়াচ টাওয়ার।
ঘরমুখো মানুষ যাতে কাঙ্খিত সময়ের মধ্যে বাড়িতে পৌছে আপনজনের সাথে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সর্বদা সতর্ক অবস্থানের কথা জানান মানিকগঞ্জ শিবালয় সার্কেল সহকারী পুলিশ সুপার হারুন অর রশীদ।
তিনি বলেন , মানিকগঞ্জ জেলা পুলিশ, নৌ পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যগণ এখানে তিন শিফটে আট ঘন্টা করে সার্বক্ষণিক ২৪ ঘন্টা ডিউটি করবেন।
অন্যান্য বার এ ঘাটে নাব্যতা সংকট থাকলেও বর্ষার কারণে এবার যোগ হয়েছে প্রচন্ড- স্রোত। গাড়িচালক এবং যাত্রীদের ধৈর্য্ ধরার আহবান জানিয়েছে প্রশাসন। পাশেই লঞ্চপারাপার যাত্রীদের জন্য ৩৭টি লঞ্চ দিয়ে ঈদ সেবায় প্রস্তুত লঞ্চ কোম্পানিরা।







