সর্বাধিক জনপ্রিয় টিভি চ্যানেল ‘চ্যানেল আই’

বৈশ্বিক গণমাধ্যমের বিশেষ দিনে আনুষ্ঠানিকভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেলের পরিচিতি পেলো হৃদয়ে মাটি ও মানুষকে ধারণ করা চ্যানেল আই। বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসের অনুষ্ঠানে প্রকাশ করা গবেষণা প্রতিবেদন অনুযায়ী, জনসচেতনতামূলক অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ফলে ‘চ্যানেল আই’ দেশের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় টেলিভিশন চ্যানেল।
১৬৫০ জন নারী ও পুরুষ দর্শকের ওপর জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেছে ‘ পরিপ্রেক্ষিত’। দর্শক জরিপভিত্তিক গবেষণায় দেশের গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান নিয়ে দর্শকদের মতামত উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা ও জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং উন্নয়ন সংবাদের দিকেই দর্শকদের আগ্রহ বেশি। সব চেয়ে বেশি দর্শক দেখেন সংবাদ। তার পরই রয়েছে নাটক বা টেলিফিল্ম। সার্বিক বিবেচনায় টেলিভিশন দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে চ্যানেল আই। লাল-সবুজের চ্যানেলটিই জরিপে তথ্যদাতাদের সর্বোচ্চ শতাংশের প্রথম পছন্দ।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা ‘পরিপ্রেক্ষিত’ আয়োজিত ‘জনগণের গণমাধ্যম মনস্কতা-বাংলাদেশ প্রেক্ষিত’- শীর্ষক গবেষণাপত্র প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে ‘পরিপ্রেক্ষিত’-এর গবেষণা গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সরকার আইন বা বিধিমালা যাই করুক, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত রাখতেই করছে। বিদেশী, বিশেষ করে ভারতীয় চ্যানেলের আগ্রাসন বন্ধে গুণগতমানসম্পন্ন শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান বেশি নির্মাণের পরামর্শও দেন তিনি।
‘পরিপ্রেক্ষিত’-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, পরিপ্রেক্ষিতের প্রকল্প ও গবেষণা ব্যবস্থাপক অয়ন দেবনাথ প্রমুখ।






