সরে দাঁড়ালেন জেব বুশ

প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে বহুল আলোচিত রিপাবলিকান প্রার্থী জেব বুশ। ইতিমধ্যে অনুষ্ঠিত তিনটি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে পরাজিত হওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন।
শনিবার সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচনে চতুর্থ হয়েছেন। আইওয়া, নিউ হ্যাম্পশায়ারের পর সাউথ ক্যারোলিনাতেও ব্যর্থ হওয়াতেই প্রেসিডেন্ট পদে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন জেব বুশ।
তার পক্ষে প্রচারণায় নেমেছিলেন ভাই জর্জ ডব্লিউ বুশও। আর জেব বুশ আশাও করেছিলেন সাউথ ক্যারোলিনায় তিনি জয়ী হবেন। কিন্তু এখানে ৩২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সাউথ ক্যারোলিনার ফলাফল প্রকাশিত হওয়ার পর আবেগতাড়িত হয়ে তিনি বলেছেন, “আমি আজ আমার নির্বাচনী প্রচারণা স্থগিত করছি। আইওয়া, সাউথ ক্যারোলিনা ও নিউ হ্যাম্পশায়ারের মানুষ তাদের কথা বলে দিয়েছে এবং আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি।’



