মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০মিনিট পর্যন্ত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নানা অজুহাতে সঠিক সময়ে অফিসে না ঠেকাতে মন্ত্রী পরিষদ থেকে এ পরিপত্র জারি করা হয়েছে। তবে তাদের অফিস সময় আগের মতোই সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে।
গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এ পরিপত্রে বলা হয়: সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতি আনতে ও সমন্বয় বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টায় সরাসরি অফিসে আসবেন এবং ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করবেন।
আরও বলা হয়: কিছু কর্মকর্তা-কর্মচারী সঠিক সময়ে অফিসে উপস্থিত না হওয়ায় জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের সময়ও সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখতে বলা হয়েছে পরিপত্রে।
‘তবে ভিভিআইপি বা ভিআইপিদের প্রটোকল, আকস্মিকভাবে সংঘটিত কোনো বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা, গুরুত্বপূর্ণ সভায় যোগ দেওয়া এবং অনুমোদিত ভ্রমণসূচি অনুযায়ী সফরের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।’







