বাংলাদেশ

সবার ‘দাদা’ প্রণব সাহা

প্রণব সাহা

সবাই তাকে ‘দাদা’ নামে চেনে। শুধু চ্যানেল আই নয়, চ্যানেল আইয়ের বাইরেও ‘দাদা’র কথা বললে সবার সামনে ভেসে ওঠে চোখে কালো ফ্রেমের চশমা আঁটা সদা হাস্যোজ্জ্বল একজন মানুষের মুখ।

সেই দাদার নাম প্রণব সাহা। সবার ভালোবাসা ও শ্রদ্ধার চ্যানেল আইয়ের এই জয়েন্ট এডিটর ৭ জুন ভোরে পরলোকগমন করেছেন।

১৯৫৪ সালের ১৫ জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্ম হয় প্রণব সাহার। জন্ম মানিকগঞ্জে হলেও মামাবাড়ি টাঙ্গাইল হওয়ায় টাঙ্গাইলের সুপরিচিত করটিয়া কলেজে লেখাপড়া করেন তিনি।

বিভিন্ন ম্যাগাজিনে লেখার মধ্যে দিয়ে লেখালেখিতে হাতেখড়ি তার। ১৯৮৪ সালে কর্মজীবন হিসেবে প্রণব সাহা সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। দৈনিক বাংলার বাণী পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেন তিনি।

প্রণব সাহাবাংলার বাণীতে কর্মরত অবস্থায়ই ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিজম’ (আইওজে)-এর আমন্ত্রণে প্রণব সাহা পেশাগত প্রশিক্ষণের জন্য রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) সফর করেন।

দৈনিক বাংলার বাণী পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত শেষদিনেও তার সঙ্গে ছিলেন প্রণব সাহা।

বাংলার বাণী বন্ধ হয়ে যাওয়ার পর ২০০১ সালে চ্যানেল আইয়ে যোগ দেন তিনি। ২০০১ সালেই জন্ম নিয়েছিল বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল আইয়ের বার্তা বিভাগ। চ্যানেল আই নিউজের সেই জন্মলগ্ন থেকে এর পাশে ছিলেন প্রণব সাহা।

প্রথমে ইন্টারন্যাশনাল ডেস্ক ইনচার্জ হিসেবে যোগ দিলেও সময়ের সাথে সাথে নিজের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে চ্যানেল আইয়ের উচ্চতর পদে নিজেকে আসীন করেন। পরিচিতি পান সবার ‘দাদা’ হিসেবে।

চ্যানেল আইয়ে থেকেও প্রণব সাহা পেশাগত সূত্রে যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

প্রণব সাহা জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের সদস্য ছিলেন তিনি। চ্যানেল আইয়ে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করতেন।

সর্বশেষ চ্যানেল আই নিউজের জয়েন্ট এডিটর হিসেবে ছিলেন প্রণব সাহা। সেই পদে দায়িত্বরত অবস্থায় ৭ জুন ভোর ৬ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার ভোরে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বেশ কিছুদিন তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।প্রণব সাহা

অসংখ্য শুভানুধ্যায়ী ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে নেয়া হয় প্রণব সাহার মরদেহ। সেখান থেকে তার বহুদিনের প্রিয় কর্মস্থল চ্যানেল আইয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্যের জন্য তার মরদেহ নিজগ্রাম মানিকগঞ্জের গড়পাড়ায় নেয়া হয়।

প্রণব সাহার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের এবং জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

বিষয়:প্রণব সাহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…