অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর স্থগিতের সিদ্ধান্তে বিপাকে পড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার সফর স্থগিতের সিদ্ধান্তের সমালোচনা করে পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছেন, নিরাপত্তাহীনতার অজুহাতে সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলীয়রা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে।
আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনে বাংলাদেশের সাফল্য ও বিদেশী দলগুলোকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে পিসিবি সভাপতি বলেন, একজন বিদেশির হত্যাকাণ্ডে সফর স্থগিত করলো তারা। অথচ সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানে এ পর্যন্ত হাজার পঞ্চাশেক মানুষের মৃত্যু হয়েছে।
এ উপমহাদেশে সফরের ব্যাপারে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলগুলো মাত্রাতিরিক্ত সংবেদনশীলতা দেখায় বলেও মন্তব্য করেন শাহরিয়ার খান।
তার উপলদ্ধি, বাংলাদেশ সরকারের প্রতিশ্রুত নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা রাখা উচিত ছিলো অস্ট্রেলিয়ার।
বর্তমানে দুই টি-টুয়েন্টি এবং দুই ওডিআই ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কোনো মহলের ধারণা এ সফরের কারণেই ভারত ও শ্রীলংকান ক্রিকেট বোর্ডের চাপে সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া।







