প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, জাপানে জি-৭ বৈঠকের প্রাক্কালে বিশ্বনেতাদের তিনি এ মনোভাবের কথা জানিয়েছেন।
সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাপানে জি-৭ গ্রপের আউটরিচ বৈঠকে বাংলাদেশের অর্জন সম্পর্কে জানতে চান একজন সংসদ সদস্য। উত্তরে প্রধানমন্ত্রী জানান, বিশ্ব নেতাদের সঙ্গে দলগত ও দ্বি-পাক্ষিক বৈঠকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য পূরণে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকার প্রশংসা পেয়েছেন তিনি।
এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্বনেতারা সবাই একসাথে কাজ করবেন বলেও জানান প্রধানমন্ত্রী।
এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছেন, কৃষকের জন্য আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি দরদ কারো নেই। কৃষক চাইলে নিজেরা এক হয়ে সমবায় সমিতির মাধ্যমে সরকারের কাছে ধান-চাল বিক্রি করতে পারে বলে জানান প্রধানমন্ত্রী।
জলবায়ুসহিঞ্চু কৃষির উন্নতিতে সরকারের উদ্যোগ, কৃষি পণ্যের ন্যায্যমূল্য, সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল কেনা হচ্ছে না না কেন? সেসব বিষয়ে সংসদে আলোচনা হয়।








