আরবাজ-মালাইকা, হৃত্বিক-সুজানের পর এবার সংসার ভাঙছে বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার।
বেশ কয়েক বছর আগে থেকেই এমন গুঞ্জন ভাসছিলো বলিউড পাড়ায়। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। গত রবিবার ২৭মে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ২০ বছরের সংসারের ইতি টানলেন বলিউড অভিনেতা ও মেহের জেসিয়া। যৌথ সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে এক যৌথ বিবৃতিতে তারা জানান, এই ২০ বছরের দীর্ঘযাত্রায় বহু সুন্দর ও আনন্দময় মুহূর্ত রয়েছে তাদের জীবনে। সেগুলোই তারা বিচ্ছেদের পর স্মৃতি হিসেবে রেখে দেবেন। এখন তাদের চলার পথ আলাদা হয়ে যাচ্ছে। তবে তারা আগে যেমন একে অপরের ভালো বন্ধু ছিলেন, আগামী দিনেও থাকবেন। দুজনে দুজনের বিপদে পাশে এসে দাঁড়াবেন। বিশেষ করে তাদের দুই মেয়ে মাহিকা ও মাইরার জন্য।
১৯৯৮ সালে প্রাক্তন মডেল বর্তমানে ৪৭ বছর বয়সি মেহের জেসিয়াকে বিয়ে করেন ৪৫ বছরের অর্জুন রামপাল। মডেল পাত্রী মেহের তার থেকে বয়সে বছর দু’য়েকের বড়ই ছিলেন। কিন্ত সেদিন প্রেমের পথে অবশ্য এসব বাধা হয়ে দাঁড়ায়নি। অথচ দুই দশক পর তাদের এমন কঠিন সিদ্ধান্ত কেন নিতে হলো?
এর আগেও শোনা গিয়েছিল হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে অর্জুনের প্রেমের গুজব রয়েছে। তবে তারা বরাবরই এ গুজব অস্বীকার করে এসেছেন।










