গোল করুক বা ব্যর্থ হোক, ক্রিস্টিয়ানো রোনালদো মানেই খবরের শিরোনাম। ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের পর যার প্রায় সবটাই নেতিবাচক। কখনও অঙ্গভঙ্গি, বাজে আচরণ, কখনওবা দলের সমালোচনায় মেতে আলোচনায়। এবার একটু ভিন্ন, সতীর্থের গায়ে থু থু ছিটিয়ে তোপের মুখে পর্তুগিজ সুপারস্টার।
সাম্প্রতিক সময়ে রোনালদোকে নিয়ে আলোচনা মানেই যেন তার চরিত্র কিংবা পারফর্মের বিশ্লেষণ। ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ডিএনএ’ নষ্ট করছেন, বুড়িয়ে গেছেন, খেলোয়াড়দের ক্ষতি করছেন থেকে শুরু করে তার ক্লাব ছাড়া বা অবসর নেয়া উচিত বলেও সাবেক-বর্তমানরা করছেন খোলাখুলি মন্তব্য।
দল যখন ব্যর্থ, রোনালদো নিজেও যখন পাচ্ছেন না গোলের দেখা তখন আলোচনার মোড় ঘুরল। প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ১-১ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগির ম্যাচের ঘটনা। রোনালদো ও অ্যান্থনি এলানঙ্গা যখন মাঠে হাঁটছিলেন, তখন থু থু ছিটিয়ে দেন সিআরসেভেন। যা সরাসরি গিয়ে পড়ে এলানঙ্গার পিঠে। সোশ্যাল মিডিয়ায় অন্যতম আগ্রহের কেন্দ্রে সেটাই।
থু থু ছিটানোয় সিআরসেভেনের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছে সমালোচকরা। কথা উঠেছে, ইচ্ছে করেই সতীর্থ অ্যান্থনি এলানঙ্গার গায়ে থু থু ছিটিয়েছেন তিনি। দাবির পেছনে যুক্তি, টানা ছয় ম্যাচে গোলহীন এবং দুই পয়েন্ট হারানোয় শঙ্কায় চটে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এজন্য সিআরসেভেনের শাস্তিও দাবি করছেন কেউ কেউ।
রোনালদোর পক্ষেও কথা বলেছেন অনেকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইচ্ছে করে নয়, দুর্ঘটনাবশত ভুলটি হয়েছে। ইংলিশ দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার এক-তৃতীয়াংশ মনে করেন, ঘটনাটি ইচ্ছে করে ঘটাননি রোনালদো।
রোনালদোর ‘থু থু’ কাণ্ড যখন আলোচনায় তখন রেড ডেভিলদের ভাবতে হয়ে আসরে টিকে থাকতে। তিন ম্যাচে জয়হীন ক্লাবটি নেমে গেছে প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচে। সাউদাম্পটনের বিপক্ষে শুরুতে স্যাঞ্চোর গোলে এগিয়ে গেলেও শেষে হতাশ থাকতে হয়েছে এক পয়েন্ট নিয়ে। আগামী মঙ্গলবার ব্রাইটনের বিপক্ষে নামবে রোনালদোর দল।








