পবিত্র হজ পালনের অংশ হিসেবে ঈদ-উল-আযহার দিনে মক্কার কাছে মিনায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ২২০ জন হাজির মৃত্যু হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৪৫০ জন হাজি।
উদ্ধার অভিযান চলছে বলে সৌদি সিভিল ডিফেন্স এক টুইটার বার্তায় জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা আশংকা করছেন।
‘এখন পর্যন্ত নিহতের যে সংখ্যা তা শুধু প্রাথমিক, এ সংখ্যা আরো বাড়তে পারে,’ বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক ওমর আল সালেহ।
আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশী রয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সারাবিশ্ব থেকে এবার ২০ লাখ মুসলমান হজ পালন করতে এখন পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। বাংলাদেশ থেকে হজ পালন করতে গেছেন এক লাখ সাত হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
উদ্ধার কর্মীদের বরাতে আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, মিনায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় ওই দুর্ঘটনা ঘটে।
পবিত্র হজব্রত পালনের অন্যতম অনুষঙ্গ শয়তানের উদ্দেশে কংকর বা পাথর নিক্ষেপ।
এর আগে ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদুল হারামে ক্রেন ধসে পড়ার ঘটনায় এক বাংলাদেশীসহ ১০৭ জন নিহত হন, আহত হন দুই শতাধিক মানুষ। আহতদের মধ্যে বাংলাদেশীও ছিলেন বেশ কয়েকজন।






