আদালত

শোলাকিয়ায় জঙ্গি হামলা: রাজিব গান্ধি ৩ দিনের রিমান্ডে

শোলাকিয়ায় জঙ্গি হামলা: রাজিব গান্ধি ৩ দিনের রিমান্ডে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ও জেএমবির শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কিশোরগঞ্জ ১ নং চিফ জুডিশিয়াল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ সোমবার দুপুরে এ আদেশ দেন।

এর আগে সকালে দিনাজপুর জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় রাজিব গান্ধিকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদ জামাান বিপিএম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানী শেষে তিন দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, রাজিব গান্ধিকে জিজ্ঞাসাবাদে শোলাকিয়া জঙ্গিহামলার ঘটনায় নতুন অনেক তথ্য পাওয়া যাবে।

এদিকে একই মামলার অপর দুই আসামি মো. আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম তানিমকেও আদালতে হাজির করা হয়।

গত বছরের ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর জঙ্গি হামলা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক গৃহবধূ নিহত হয়। এছাড়া পুলিশের গুলিতে মারা যায় দুই জঙ্গি।

 

বিষয়:কিশোরগঞ্জ জঙ্গি শোলাকিয়া হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…