ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা স্যার ফজলে হাসান আবেদ জীবনের শেষ বেলায়ও সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন বলে জানিয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
শুক্রবার রাত ১১টায় অ্যাপোলো হাসপাতালে স্যার ফজলে হাসান আবেদের পরিবারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। ওই ব্রিফিংয়ে কথা বলেন আসিফ সালেহ।
এসময় তিনি জানান: স্যার ফজলে হাসান আবেদ যখন আইসিইউতে ছিলেন তখনও তিনি তার মেয়েকে ডেকে ব্র্যাকের নতুন স্কুলগুলোকে তার্কিশ পদ্ধতিতে চালানোর কথা বলেছেন। এছাড়া সাইক্লোন বুলবুলের সময়ও খোঁজ খবর নিয়েছেন এবং সহায়তা করার কথা জানিয়েছেন।
আসিফ সালেহ জানান: আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তার মরদেহ রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
ওই দিন দুপুর সাড়ে বারোটায় আর্মি স্টেডিয়ামে তার নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে স্যার ফজলে হাসান আবেদকে দাফন করা হবে।
এছাড়াও বিস্তারিত তথ্য ব্র্যাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে জানানো হবে বলে জানান আসিফ সালেহ।







