সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দুই ম্যাচ হাতছাড়া হওয়াতেই। ভারত সফরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হেরে এবার ৩-০’র হতাশাই মিলল রুমানা আহমেদের দলের।
বৃহস্পতিবার ভারতের মেয়েদের ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের মেয়েরা হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
হুবলির কেএসসিএ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সফরকারীরা ৪২ ওভার খেলে মাত্র ১১৬ রানে অলআউট হয়। জবাবে এক উইকেট হারিয়ে ৩২.৩ ওভারেই জয় তুলে নেয় স্বাগতিক মেয়েরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েন লতা-সালমারা। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। অধিনায়ক রুমানা আহমেদ সর্বোচ্চ ৪২ রান করেন। আর কেউ বড় স্কোর করতে পারেননি।
রুমানার ৮৫ বলের ইনিংসে ছিল চারটি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। এছাড়া শায়লা শারমিন ১৫ এবং নিগার সুলতানা ১১ রান করেন। টানা দুই ম্যাচে রান পাওয়া লতা মন্ডল এ ম্যাচে ৯ রান করে আউট হন।
১১৭ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৫৮ রান তুলে ফেলেন স্বাগতিক দলের থিরুসকামিনি ও জামিমাহ। থিরুসকামিনি ২৬ রানে খাদিজা-তুল-কুবরার বলে আউট হন। জামিমাহ ৮৭ বলে অপরাজিত ৫৬ রান করে। ডিপি বৈদ্য ৩০ রানে অপরাজিত থাকেন।
সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবেন রুমানারা।







