শেষ আশ্রয়স্থলই শেষ ভরসা

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল গত ৩ জুলাই খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ১ আগস্ট পূর্ণাঙ্গ রায়ও প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। এই রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা ও সামাজিক মাধ্যমে অনেকে অনেক কথা বলছেন। গণমাধ্যম ও সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো সঙ্গত কারণে এ বিষয়ে তেমন কিছু বলছে না। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান এ বি এম খায়রুল হক অবশ্য বিষয়টি নিয়ে গণমাধ্যম্যের সঙ্গে কথা বলেছেন। দীর্ঘদিন প্রধান বিচারপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই বর্ষিয়ান অভিভাবক বলেছেন, ‘আমি ষোড়শ সংশোধনীর রায় পড়ে দেখেছি যে এই রায়ে অনেক অপ্রাসংগিক মন্তব্য রয়েছে। যে সব কথার কোন প্রয়োজনই এই রায়ে ছিল না। ওই রায়ে পার্লামেন্ট মেম্বারদের ইমম্যচিউর বলা হয়েছে। যেটা এখানে বলার কোন দরকার ছিল না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরতে হলে আগে এ সংক্রান্ত আইন করতে হবে। এই প্রথম কোন রায়ে দেখলাম যেখানে অরিজিনালকে বাদ দিয়ে মার্শাল ‘ল এর প্রভিসনকে ফিরিয়ে আনা হয়েছে। ষোড়শ সংশোধনীর রায় পড়ে মনে হয়েছে এ দেশ জাজেস রিপাবলিক অব বাংলাদেশ হয়ে গেছে, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আর থাকছে না।’ সাবেক প্রধান বিচারপতির এই মন্তব্য আমাদের ভাবাচ্ছে। বিচার বিভাগ তথা সুপ্রিম কোর্ট দেশের জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। এই আশ্রয়স্থল ও আশ্রয়স্থলের দায়িত্বপ্রাপ্তদের প্রতি আমাদের বিশ্বাস ও ভরসায় কোনো বিতর্ক আসুক, তা আমরা চাই না।



