চারদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রথম টুইটে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে খুবই খুশি।
এরপরেই আর একটি টুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি আমাদের দুই দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ১০৯৭) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টা ২৫ মিনিটে নয়াদিল্লিতে পৌঁছান তিনি।
সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজনৈতিক দলের প্রধান, সরকারের মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের দ্বিতীয় দিন শনিবার দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকবেন। এছাড়া ভারতের কংগ্রেস পার্টির নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ সফরে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান এবং প্রতিরক্ষা খাতে ৩৫টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে আশা করা হচ্ছে।
চার দিনের সফর শেষে আগামী সোমবার রাত আটটার দিকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।










