বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিসর্জন’ ছবির ডিভিডি উপহার দেবেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বাংলাদেশ ও ভারত—দুই দেশের গল্প রয়েছে এই ছবিতে। বাংলাদেশের এক বিধবা নারীর সঙ্গে ভারতের এক ব্যবসায়ীর প্রেমের গল্প। ছবিটি এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আর এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। এই সবকিছু মিলিয়েই কৌশিক গঙ্গোপাধ্যায় মনে করছেন, ‘বিসর্জন’ ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা উচিত।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আজ রোববার অথবা কাল সোমবার কোনো এক সময় দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়া আহসান ও ছবির নায়ক আবির চট্টোপাধ্যায়।
‘বিসর্জন’ ছবিটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখ। এখন এই ছবির প্রচারণার কাছে কলকাতায় আছেন জয়া আহসান।
কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, ‘বিসর্জন’ ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনিও ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাতে চান।
পরিচালকের মতে, ‘আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছবিটি ভালো লাগবে।’











