দক্ষিণ কোরিয়ার ক্লাব পচেয়ন এফসিকে টাইব্রেকে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জিতে নিয়েছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল জয় তুলে নিতে না পারলে ভরসা হয়ে দাঁড়ায় টাইব্রেক। তাতে পচেয়নকে ৪-২ গোলে হারিয়ে কাপ জিতে নিয়েছে টিসি স্পোর্টস।
শুক্রবার সন্ধ্যার ফাইনালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার দর্শকের সমাগম ঘটে। খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে হানিফ আব্দুল্লার গোলে এগিয়ে যায় টিসি। বিরতির এক মিনিট আগে জেং ইয়ং ইকের গোলে সমতা আনে পচেয়ন।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা বেশ জমে ওঠে। ৫৫ মিনিটে ডিউকের গোলে লিড নেয় পচেয়ন। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে সমতায় ফেরে টিসি। এরপর অতিরিক্ত ৩০ মিনিটে কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকে।
টাইব্রেকে পচেয়নের প্রথম শট ঠেকিয়ে দেন টিসি গোলরক্ষক। এরপর চতুর্থ শট ঠেকিয়ে মালদ্বীপের দলটিকে জয় এনে দেন তিনি।








