স্পোর্টস

শুরু হচ্ছে বিপিএল প্রস্তুতি

তিনজন ক্রিকেটার হাসিমুখে একসঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াবে ৪ নভেম্বর। অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড সাজিয়ে নিয়েছে বেশ আগেই। এবার তারা একত্রিত হয়ে নামতে যাচ্ছে অনুশীলনে। বুধবার অনুশীলনে নামবে খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে গত আসরে প্লে-অফ খেলেছিল খুলনা টাইটানস। বুধবার রাজধানীর ইউল্যাব মাঠে অনুশীলন করবে তারা। ওইদিনই সকালে ঢাকায় এসে পৌঁছাবেন হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। ২৬ অক্টোবর থেকে খুলনার বিদেশি ক্রিকেটার আসতে শুরু করবে।

গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও রানার্সআপ দল রাজশাহী কিংস অনুশীলন করবে ২৯ অক্টোবর থেকে।

সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২৫ অক্টোবর বিসিবি একাডেমি মাঠে রংপুরের অনুশীলনে যোগ দেবেন ম্যাশ। ২৭ অক্টোবর থেকে বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে শুরু করবেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন শুরু করবে সিলেট থেকে। ২৫ অক্টোবর সিলেট যাবে দলটি। ২৬ অক্টোবর থেকে সিলেট জেলা স্টেডিয়ামে প্রাথমিক অনুশীলনে থাকবেন ১১ জন ক্রিকেটার। তামিম ইকবাল ইনজুরিতে পড়ায় শুরুর দিকের কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিতে পারেন ইমরুল কায়েস।

চিটাগং ভাইকিংস মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে ২৯ অক্টোবর।

এবার বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। এই বিভাগের দলটি অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স নামে। ২৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে তারা। ৩১ অক্টোবর থেকে বিদেশি ক্রিকেটাররা আসতে শুরু করবে দলটির ডেরায়।

বিষয়:বিপিএল-২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…