চলতি বছরে হলিউডের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ‘জোকার’। ২ অক্টোবর ভারতে মুক্তি পেলেও সারা বিশ্বে একযোগে ছবিটি মুক্তি পাচ্ছে ৪ অক্টোবর। আর এদিন ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি!
গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানকে নিয়ে ‘জোকার’-এর গল্প। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ছবিটি এরইমধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও দাপট দেখিয়েছে।
সিনেসমালোচকরা ‘জোকার’ ছবিটি দেখার পর এটিকে ‘মাস্টারপিস’ বলেও মন্তব্য করেছেন। কেউ বলেছেন ‘চিরস্মরণীয়’ ছবি জোকার! রোটেন টম্যাটো ইতোমধ্যে ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে।
যে পাঁচ কারণে অবশ্যই ‘জোকার’ দেখা উচিত:
৪ অক্টোবর মুক্তি পাবে ‘জোকার’। তার আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনী হয়েছে। ছবিটি দর্শক-সমালোচকদের প্রশংসায় ভেসেছে। বিশেষ করে জোয়াকুইন ফনিক্স এর অভিনয় দেখে মুগ্ধ সবাই। রিভিউতে মিলেছে ভালো রেটিং। জেনে নিন কেন ‘জোকার’ সিনেমাটি অবশ্যই দেখা উচিত:
জোয়াকুইন ফনিক্স এর অভিনয়: চরিত্রকে সূক্ষ্ম ভাবে ফুটিয়ে তোলার দক্ষতা বেশ ভালো ভাবেই রপ্ত করে নিয়েছেন জোয়াকুইন ফনিক্স। বিশেষ করে নেতিবাচক চরিত্রগুলোর সাথে তিনি মিশে যান। তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া এই অভিনেতাকে জোকার চরিত্রে দেখার জন্য ছবিটি অবশ্যই দেখা উচিত।
প্রথম ‘জোকার’ সিনেমা: ব্যাটম্যান এর সেই কুখ্যাত খলনায়ক জোকারের ব্যক্তিগত কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘জোকার’। এর আগে বড় পর্দায় জোকারকে পাওয়া গেছে ব্যাটম্যানের সাথে। কিন্তু এবার মূল চরিত্রই ‘জোকার’। তাই ছবিটিকে ঘিরে আগ্রহ বেশি সিনেমাপ্রেমিদের।
আর-রেটেড সিনেমা: ‘জোকার’ আর-রেটেড(রেটেড রেস্ট্রিক্টেড) সিনেমা। রক্তারক্তি, সন্ত্রাস, অস্বস্তিকর আচরণ, ভাষা এবং যৌনতা থাকবে ছবিতে। বিষয়গুলো নেতিবাচক হলেও অনেকেই মনে করছেন আর-রেটেড হওয়ায় ‘জোকার’ দেখার আগ্রহ অনেকটাই বেড়ে গেছে দর্শকের।
স্করসিসের প্রভাব: মানসিক ভাবে বিকারগ্রস্ত একজন সন্ত্রাসীর চরিত্র নিয়ে নির্মিত হয়েছে ‘জোকার’। এধরনের চরিত্র ফুটিয়ে তোলায় দক্ষ মার্টিন স্করসিস। এই ছবির শুরুর দিকে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যুক্ত ছিলেন স্করসিস। কিন্তু পরে এই প্রজেক্ট থেকে বের হয়ে আসেন তিনি। কিন্তু তার প্রভাব পুরো ছবিতেই রয়ে গেছে।
ক্যামেরার কাজ: কমিক বইয়ের পাতার জোকার যেন ক্যামেরার কাজে জীবন্ত হয়ে উঠেছে ছবিতে। ‘জোকার’ এর মানসিক বিকারগ্রস্ত আচরণ, গা শিউরে ওঠার মতো সব ঘটনাগুলো ক্যামেরায় ফুটিয়ে তোলা হয়ে সুনিপুণ ভাবে। যাকে বলা যায় ভয়ানক সুন্দর! -স্ক্রিনরান্ট







