অপরাধ

শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় সৎভাই আটক

শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় সৎভাই আটক

গাজীপুরের শ্রীপুরে মৌসুমি আক্তার নামে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ ভাই ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ।

মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মৌসুমি আক্তার শ্রীপুর উপজেলার গাজীপুর উত্তরপাড়া এলাকার কুদ্দুছ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রথম শ্রেণিতে ছাত্রী মৌসুমিকে রবিবার সকালে নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। মৌসুমির মৃত্যুর খবরে এলাকাবাসী ইদ্রিস আলীর বাড়িতে ভিড় জমায়। মৌসুমির গলায় কালো দাগ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুটির সৎ ভাই ইদ্রিস আলীকে আটক করা হয়।

নিহতের মা রমিজা খাতুনের দু’টি বিয়ে হয়েছে। আগের স্বামীর ঘরে ইদ্রিস আলী ও ইমান আলী নামে দুই ছেলে রয়েছে। ওই দুই ছেলেসহ কুদ্দুছ মিয়ার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। কুদ্দুছের ঘরে মৌসুমি ও কাউছার নামে তার আরও দুই সন্তান রয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন ফরাজী বলেন, নিহতের গলায় ও গোপনাঙ্গে রক্তের দাগ রয়েছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বিষয়:আটক ধর্ষণ হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…