রাজধানীর কাকলী এলাকায় আগের দিন পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যুর ঘটনার দোষীদের বিচারের দাবিতে শ্যামলীতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আগামী শনিবার দুপুরের মধ্যে দোষীদের গ্রেপ্তারের আল্টিমেটামও দিয়েছে তারা।
সোমবার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাকলী মোড় থেকে নেভি সদর দপ্তরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজউদ্দিন অপু (২৬)। উল্টো পথে আসা পুলিশের রিকুইজেশন করা একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।
ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু মেলার মাঝামাঝি জায়গায় সড়কে অবস্থান নিয়ে বেলা পৌনে ২টা পর্যন্ত বিক্ষাভ করেন।
তাদের অবরোধের কারণে আসাদ গেইট থেকে গাবতলীর দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে সড়কের দুই দিকে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। বাস-টেম্পো থেকে নেমে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করেন।
শিক্ষার্থীরা দাবি পূরণের জন্য শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়ে বেলা পৌনে ২টার দিকে রাস্তা থেকে সরে যায়।







