নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে না নেয়ায় পূর্ব কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা৷ উপাচার্যের কার্যালয়ের সামনের মূল ফটকসহ মোট তিনটি দরজা ভেঙে উপাচার্যের রুমের সামনে অবস্থান নিয়েছেন এই শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক আকতারুজ্জামান তার কক্ষেই অবস্থান করছেন বলে জানা যায়।
মঙ্গলবার সকাল থেকেই অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পরে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে তারা কার্যালয়ের তিন স্তরের দরজা ভেঙে ফেলে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে মিছিল শুরু করে। পরে মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে।
শিক্ষার্থীদের দাবিগুলো ছিল: অধিভুক্ত কলেজ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ ৷
বিক্ষোভকারীরা বলেন, প্রশাসন আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। আমরা নিজেদেরকে ভাঙচুরকারী দাবি করে রাজু ভাস্কর্যে প্রায় তিনদিন অবস্থান নিয়েছি৷ কিন্তু প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করতে আসেনি।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা বা আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।







