শিডিউল নিয়ে ভীষণ ব্যস্ত শাহরুখ খানের জন্য অল্প সময় বের করাও অনেক কঠিন। এত ব্যস্ততার মাঝেও সালমান খানের ছবি ‘টিউবলাইট’-এ শাহরুখ থাকছেন বিশেষ একটি চরিত্রে। মজার ব্যাপার হলো এই চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখকে প্রস্তাব দেওয়ার আগেই নাকি তিনি রাজি হয়ে যান। ‘টিউবলাইট’ ছবির একটি প্রমোশনাল ইভেন্টে সালমান জানিয়েছেন এই তথ্য।
সালমান বলেন, ‘পরিচালক কবির খান যখন আমাকে বলেছেন এই চরিত্রে শাহরুখকে মানাবে, তখনই আমি শাহরুখকে ফোন দেই। শাহরুখকে বললাম, ছোট একটা চরিত্র আছে টিউবলাইট-এ, যেটায় আপনাকে মানাবে। পুরো কথা শেষ করার আগেই শাহরুখ বললেন, আমি করব। আর এভাবেই শাহরুখ টিউবলাইট ছবির অংশ হয়ে যান।’
২৩ জুন মুক্তি পাচ্ছে সালমান খান, সোহেল খান এবং চীনা অভিনেত্রী ঝু ঝু অভিনীত টিউবলাইট। ১৯৬২ সালের ভারত–চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। মিড-ডে।







