ভারতের সাম্প্রতিক অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় রাজনীতিকদের আক্রমণের শিকার হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তাকে ‘দেশদ্রোহী’ বলে অভিহিত করেছেন।
কৈলাসের দাবি, ভারতে থাকলেও শাহরুখের মন রয়েছে পাকিস্তানে। আর বলিউডের নায়ককে ‘পাকিস্তানি দালাল’ আখ্যা দিয়ে সে দেশে পাঠানোর দাবি তুলেছেন সাধ্বী প্রাচী।
ভারতজুড়ে অসহিষ্ণুতার প্রতিবাদে জাতীয় পুরস্কার ফিরিয়ে প্রথমে প্রতিবাদ করেন সাহিত্যিকেরা। তার পর সেই পথে পা বাড়ান চিত্র-পরিচালক, শিক্ষাবিদ এমনকী শিল্পমহলও। সোমবার অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খোলেন শাহরুখ খানও। তিনি বলেন, প্রতিবাদ জানাতে প্রয়োজনে পদ্মশ্রী ফেরাতেও রাজি আছেন তিনি।
শাহরুখের ওই মন্তব্যের প্রতিবাদে বিজেপি’র পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় শাহরুখকে দেশদ্রোহী আখ্যা দেন। তিনি বলেন, ‘১৯৯৩ সালে যখন মুম্বই বিস্ফোরণ হয় কিংবা ২০০৮ সালে জঙ্গিরা মুম্বইতে হামলা চালিয়েছিলো তখন শাহরুখ কোথায় ছিলেন?’






