ভক্তদের বড়দিনের বড় উপহার দেয়ার জন্য গত ২১ ডিসেম্বর সাড়ে তিন হাজার পর্দায় মুক্তি দেয়া হয়েছে শাহরুখ খান অভিনীত ‘জিরো’। ছবিটির পেছনে অনেক সময় এবং শ্রম ব্যয় করতে হয়েছে শাহরুখকে। খরচ করা হয়েছে প্রচুর অর্থ। অথচ শাহরুখের পণ্ডশ্রম হয়েই থাকে গেলো ছবিটি।
জিরো ছবির নির্মাতারা একটি ভিডিও প্রকাশ করেছে সম্প্রতি। সেখানে দেখা গেছে সিনেমাটি নির্মাণের পেছনের দৃশ্যগুলো। শাহরুখের ‘বাউয়া’ চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য কত কসরত করতে হয়েছে, তা দেখা গিয়েছে ভিডিওতে। এক দৃশ্য পাঁচ বার করে শুটিং করা, স্পেশাল ইফেক্টের ব্যবহার এবং আরও নানা বিষয় তুলে ধরা হয় ভিডিওটিতে।
এত শ্রম, কষ্ট এবং ধৈর্যের ফল শেষ পর্যন্ত মিষ্টি হয়নি। ১৫৮৫টি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তি প্রাপ্ত এই ছবিটি নিয়ে বিশ্লেষকগণ সহ দর্শকরা বেশ আশাবাদী থাকলেও ছবিটি মন জয় করতে পারেনি কারো। দর্শক ও সমালোচকের নেগেটিভ রিভিউ পেয়ে বক্স অফিসেও সুবিধা করতে পারেনি ‘জিরো’।
আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিটিতে শাহরুখ এর সঙ্গে ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং বিজ্ঞানী আফিয়ার চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা।








