শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি সন্দেহে একজন আটক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে জঙ্গি সন্দেহে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সামনে থেকে সাদমান আবেদিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক সাদমান ওই বিভাগেরই শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক রাশেদ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।
রাশেদ তালুকদার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সাদা পোশাকের লোকজন সাদমান আবেদিনকে নিয়ে যায়। ওই সময় ওসি জানান, আগে আটক হওয়া জঙ্গিদের থেকে পাওয়া তথ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।
জালালাবাদ থানা সূত্রও আটকের খবর নিশ্চিত করেছে।
সাদমান আবেদিন কম্পিউটার সায়েন্স বিভাগের ২০১১ ব্যাচের ছাত্র। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই দু’জন ছাত্রকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বিশ্ববিদ্যালয় শাখা সমন্বক ছিল বলে জানায় পুলিশ।






