শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তদন্ত করে যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেবেন।
বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৪ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ডিন, ট্রেজারারসহ শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের গালিগালাজ সহ্য করেও আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা তা বারবার প্রত্যাখ্যান করেছে।
উপাচার্য আরও বলেন, ‘সমস্যা সমাধানের চূড়ান্ত সময়ে এসে কারা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে পুলিশকে চড়াও হতে বাধ্য করেছিল, তা জানতে তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
শিক্ষার্থীদের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে।’
বিভ্রান্ত না হয়ে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সহায়তার আহ্বান জানান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
গত বৃহস্পতিবার থেকে নানা দাবিতে শাবিপ্রবিতে আন্দোলন চলছে। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের কয়েক’শ ছাত্রী।
পরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং পুলিশের করা মামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।










