কয়েক বছর ধরে ঢাকা আর সিডনি আসা যাওয়ার মধ্যে আছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। তাই সবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করা সম্ভব হয় না তার। তবে দু’দিন আগে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নির বাসায় দীর্ঘক্ষণ আড্ডা দিয়ে এসেছেন শাবনূর। এবার নিজ বাসায় আয়োজন করেন এক ঘরোয়া আড্ডার। আর এই আড্ডায় তার অভিনীত চলচ্চিত্রের পরিচালকদের আমন্ত্রণ জানান।
শুধু আড্ডা নয়, তাদের জন্য রাতের খাবার নিজ হাতে রান্না করেছেন শাবনূর। খাবারের তালিকায় ছিল পোলাও থেকে শুরু করে গরু ও মুরগির মাংসের বিভিন্ন পদ, কয়েক প্রকারের মাছ আর ভর্তাসহ দই-মিষ্টি।
শাবনূরের রান্না করা খাবার খেয়ে মুগ্ধ আমন্ত্রিত পরিচালকেরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গল্প আর আড্ডায় মেতে উঠেন সবাই। অনেকদিন পর এ যেন ছিল এক মিলনমেলা।
শুক্রবার তার ইস্কাটনের বাসায় উপস্থিত ছিলেন আজিজুর রহমান, মতিন রহমান, বাদল খন্দকার, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, আব্দুল মান্নান, শাহ মোহাম্মদ সংগ্রাম, আলী আজাদ, সারোয়ার হোসেন, চন্দন চৌধুরী, বজলুর রাশেদ চৌধুরী, ওয়াকিল আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবু, মুশফিকুর রহমান গুলজার দেবাশীষ বিশ্বাসসহ প্রায় ৩৫ জন নির্মাতা।







