দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে তিন টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড দিয়েছে বাবর আজমদের বোর্ড।
ওপেনিং ব্যাটার শান মাসুদ আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন। ডানহাতি পেসার হারিস রউফ আছেন, জাতীয় দলে সাদা পোশাকে অভিষেকের আরেকটি সুযোগ তার সামনে।
ওপেনার আবিদ আলির পরিবর্তে শান মাসুদকে নেয়া হয়েছে। গত ডিসেম্বরে হৃদরোগে আক্রান্ত হওয়া আবিদ বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর আছেন।
৮ ওয়ানডে ও ৩৪ টি-টুয়েন্টি খেলা রউফ গত বছর সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টেস্ট দলে ছিলেন। যদিও তার এই ফরম্যাটে অভিষেক হয়নি।
টেস্ট দলে আরেক নতুন মুখ একবছর আগে সাউথ আফ্রিকার সঙ্গে কেবল একটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা লেগ স্পিনার জাহিদ মাহমুদ। বাংলাদেশ সফরে টেস্ট দলে থাকা অফস্পিনার বিলাল আসিফ অজি সিরিজে বাদ পড়েছেন।
আগামী ১২ মাসের জন্য পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অজিদের সাবেক পেসার শন টেইট। অন্তর্বর্তী হেড কোচের দায়িত্বে থাকা সাকলায়েন মোশতাকের মেয়াদ ১২ মাস বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ করেছে পিসিবি।
৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১২ মার্চ করাচিতে শুরু দ্বিতীয় টেস্ট। লাহোরে ২১ মার্চ হবে তৃতীয় ও শেষ টেস্টটি।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, জাহিদ মাহমুদ।
রিজার্ভ: কামরান গুহলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।







