জাতীয় লিগে রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে রানপাহাড়ে উঠেছে রাজশাহী। টায়ার-১’র এই ম্যাচে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং মিজানুর রহমানের শতকে দুই উইকেটে ৪১৯ রান সংগ্রহ করেছে দলটি। লিড ২৬৮ রানের।
দ্বিতীয় দিনে ৩১৩ বলে ১৭৩ রান করেন শান্ত। ২১৬ বলে ১৬৫ করেন মিজানুর রহমান। ওপেনিং জুটিতে ৩১১ রান তুলেছেন দুজনে।
স্বাগতিক রাজশাহী টস জিতে রংপুরকে আগে ব্যাট করতে পাঠায়। ফরহাদ রেজা এবং মোহর শেখের বোলিং তোপে ১৫১ রানে গুটিয়ে যায় রংপুর। দুজনে তিনটি করে উইকেট নেন। রংপুরের হয়ে কেবলমাত্র নাঈম ইসলামই অর্ধশতক পান। ১৪২ বলে ৬০ রান করেন তিনি। বাকিদের মধ্য কেউ ৩০’র ঘরে পা রাখতে পারেননি।
তৃতীয় দিন রাজশাহীর হয়ে ব্যাট করতে নামবেন জুনায়েদ সিদ্দিকী (৩৯*) এবং ফরহাদ হোসেন (২৬*)।
বরিশাল-খুলনা
টায়ার-১’র আরেক ম্যাচে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রানে দিন শেষ করেছে স্বাগতিক খুলনা। বরিশালের থেকে তারা পিছিয়ে ঠিক ১০০ রানে।
টস হেরে বরিশাল আগে ব্যাট করতে নেমে ২৯৯ রানে অলআউট হয়। শাহরিয়ার নাফীস ৪১ করার পর মিডলঅর্ডার ভেঙে পড়ে। শেষ দিকে নুরুজ্জামান ৭৪ করে স্কোর বড় করেন। তিনটি করে উইকেট নেন আল-আমিন হোসেন এবং আব্দুর রাজ্জাক।
খুলনা জবাব দিতে নেমে ৭২ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে। দলকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ মিঠুন। ১২৪ বলে ৭২ রান করেন তিনি। খুলনাকে লড়াইয়ে রেখেছেন জিয়াউর রহমান (৪৬*) এবং আফিফ হোসেন (০*)।







