অস্ট্রেলিয়া সাদা পোশাকে খেলে ভারতে গেছে, ভারত রঙিন পোশাকে খেলে প্রস্তুতই ছিল। কিন্তু মাঠের খেলায় সেই ভারতকেই কাঁপিয়ে দিয়েছিল অপ্রস্তুত অজিরা! শেষ পর্যন্ত অবশ্য ‘শান্ত’ ধোনির সঙ্গে পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে স্বস্তির সংগ্রহ গড়েছে বিরাট কোহলির দল। স্মিথদের সামনে ছুঁড়ে দিয়েছে ২৮২ রানের লক্ষ্য।
চেন্নাইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৮৭ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে বসেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া মিলে ১১৮ রানের জুটিতে পরিস্থিতি সামলান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তুলে থামে স্বাগতিকরা।
ভারতের শুরুটা অবশ্য একটু বেশিই বাজে হয়েছিল! ১১ রানে ৩ উইকেট নেই। অজিঙ্কা রাহানে (৫), বিরাট কোহলি (০) ও মনিষ পান্ডে (০) দ্রুতই সাজঘরে।
সেখান থেকে কেদার যাদবকে নিয়ে ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন রোহিত শর্মা। কিন্তু ৫৩ রানের জুটি গড়ে রোহিত (২৮) ফিরলে আবারও বিপদে পড়ে স্বাগতিকরা। যাদব ৪০ রানে তাকে অনুসরণ করলে বিপদ আরও বাড়ে।
ষষ্ঠ উইকেটে এরপর ঝলমলে এক জুটি জমিয়ে তোলেন ধোনি-পান্ডিয়া। অলরাউন্ডার পান্ডিয়া ছিলেন আগাগোড়া আগ্রাসী। ৬৬ বলে ৮৩ রানের ইনিংস খেলে ম্যাচের গতিপথ পাল্টে দিয়ে যান। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিটি পাওয়া না হলেও ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজিয়েছেন ৫টি করে চার-ছয়ে।
একপ্রান্ত আগলে রাখা ধীরস্থির ধোনি তখনও ছিলেন। থাকলেন শেষ ওভার পর্যন্ত। ক্যারিয়ারের ৬৬তম ফিফটি তুলে নিয়ে ফিরেছেন ৭৯ রানে। ৪ চার ও ২ ছয়ে ৮৮ বলের ইনিংস তার।
শেষদিকে ভুবনেশ্বর কুমার অপরাজিত থাকেন ৩২ রানে। এই পেসারের ৫ চারে ৩০ বলে খেলা ইনিংসটি ধোনির সঙ্গে ৭২ রানের জুটিতে অবদান রেখেছে। তাতে ভদ্রস্থ জায়গায় যেয়ে থামে ভারতের চ্যালেঞ্জিং সংগ্রহটা।










