বাংলাদেশ

শান্তিরক্ষায় পেশাদারিত্ব ও সততা বজায় রাখার আহ্বান

শান্তিরক্ষায় পেশাদারিত্ব ও সততা বজায় রাখার আহ্বান

শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায়
রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

জাতিসংঘ
শান্তিরক্ষী দিবসের এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন,
শান্তিরক্ষীবাহিনী বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবে এবং কাজের
মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

১৯৮৮ সাল থেকে শান্তিরক্ষী বাহিনীতে কাজ শুরু করে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পুলিশের প্রায় দেড় লাখ সদস্য এখন পর্যন্ত ৪০টি দেশের ৫৪টি মিশনে শান্তিরক্ষায় ভূমিকা রেখেছেন। বর্তমানে ১৩টি মিশনে বাংলাদেশের সাত হাজার দু’শ জন সদস্য শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন। 

শান্তিরক্ষীবাহিনীতে কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন এমন সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সম্মানিত করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে।

বক্তৃতায় বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আবদুল হামিদ। বলেন, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও পুলিশ বাহিনীকে বিশ্বব্যাপি শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানায়। আপনারা বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি শান্তিকামী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন। বিশ্বে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখবেন। আপনারা বিশ্বে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন এবং কর্মের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন সেটাই প্রত্যাশা করি। 

রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ মিশনে কার্যকর অংশগ্রহণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এদেশের অবস্থানকে যেমন সুসংসহত করেছে তেমনি কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রেখেছে। আমাদের সশস্ত্র বাহিনী প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী। জাতিসংঘের অধীনে শান্তিরক্ষার পাশাপাশি দেশের প্রতিটি দুর্যোগে, দুর্দিনে ও প্রয়োজনে দেশের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় রেখেছে সক্রিয় ভূমিকা। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে সহায়তা করতে সদা প্রস্তুত রয়েছেন।   

জাতিসংঘ সদর দপ্তর ও শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ পদে সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেয়ার প্রস্তাবনা রয়েছে বলেও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

বিষয়:আবদুল হামিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…