প্রায় ছয় মাস পর মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব অভিনীত নতুন ছবি। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারে শাকিব খানকে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে বেশি দেখা গেছে। তবে এই প্রথমবার তিনি রাজনৈতিক নেতা হিসেবে রুপালি পর্দায় ফিরছেন।
আগামী ১৬ ফেব্রুয়ারি শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি কর্ণধার সেলিম খান জানান, ১৬ ফেব্রুয়ারি ‘আমি নেতা হব’ ছবিটি মুক্তি পাবে। আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি এটি। বিগ বাজেটে নির্মিত এই ছবিটি দর্শককে হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
তিনি বলেন, এই বছরে শাকিব খান অভিনীত মুক্তি প্রাপ্ত ছবি হতে যাচ্ছে ‘আমি নেতা হব’। ইচ্ছে আছে দেশজুড়ে শতাধিক সিনেমা হলে এ ছবির মুক্তি দেয়ার।
গুণী নির্মাতা উত্তম আকাশ পরিচালিত সিনেমাটিতে শাকিবের নায়িকা মিম। সুপারহিট ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির নয় বছর পর ফের মুক্তি পেতে যাচ্ছে শাকিব-মিম জুটি নতুন ছবি। অন্যান্য চরিত্রে আরও করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেল।
আমি নেতা হব ছবিতে থাকছে পাঁচটি গান। তিনটি গানের কোরিওগ্রাফি করেছেন ভারতের জনপ্রিয় নৃত্য-পরিচালক বাবা যাদব ও একটি আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন বাংলাদেশের তানজিল আলম। চারটি গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং একটি গানের কথা লিখেছেন কলকাতার আকাশ।
কদিন আগে আমি নেতা হবো ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের আইটেম গানটি প্রকাশ পায়। শাকিব খানের উপস্থিতি ও মিমের আবেদনময়ী পরিবেশনায় ওই গানটি বেশ জনপ্রিয়তা পায়। শিগগির ছবির বাকি গান ও ট্রেইলার প্রকাশ বলে জানান নির্মাতা উত্তম আকাশ।
গেল ডিসেম্বর মাসের ২১ তারিখ আমি নেতা হব ছবিটি সেন্সরবোর্ডে জমা পড়ে। ওই মাসের শেষেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত আমি নেতা হব ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে।








