নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে পরিচিতি পান মনিরা মিঠু। ছোটপর্দা ছাপিয়ে তিনি আমার আছে জল, গহীনে শব্দ, জোনাকির আলো, পোড়ামন ইত্যাদি ছবিগুলো অভিনয় করেছনে। নতুন খবর, কয়েক বছর আবারো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন গুণী এই অভিনেত্রী।
তবে, মনিরা মিঠু এবার বড়পর্দায় অভিনয় করতে যাচ্ছেন ভিন্নভাবে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করছেন তিনি। গতকাল (রবিবার) রাতে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন মনিরা মিঠু। আজ (সোমবার) সকাল ৭টার ফ্লাইটে ভাইজান এলো ছবির শুটিংয়ে যোগ দিয়ে ঢাকা ছেড়েছেন তিনি।
মনিরা মিঠু বলেন, আগামী ৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত শুটিং হবে কলকাতায়।
ছোটপর্দায় মনিরা মিঠুকে পাওয়া গেছে নানামাত্রিক চরিত্রে। বিশেষ করে সিরিয়াস, রাশাভারি, স্নেহময়ী, গ্রাম্য, শহুরে সব চরিত্রে তার আলাদা কদর রয়েছে। কিন্তু ‘ভাইজান এলো রে’ ছবিতে কীভাবে দেখা যাবে? ‘এই ছবিতে আমি শাকিব খানের বড় বোনের চরিত্রে অভিনয় করবো’- বললেন মনিরা মিঠু।
তিনি আরো বলেন, আমি যখন একটি চরিত্রে অভিনয় করি প্রথমদিন ক্যামেরার সামনে দাঁড়ালেই বুঝে ফেলি কাজটা কেমন হবে! এখনো যেহেতু শুটিং শুরু করিনি, তাই বেশি কিছু বলতে পারছি না। তবে কলকাতার এসকে মুভিজের মতো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি যেহেতু বানানো হচ্ছে নিশ্চয়ই কাজটি ভালো হবে, এটাই আশা করছি।
‘ভাইজান এলো রে’ ছবি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জী। এছাড়াও থাকছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। ছবিতে নায়ক হিসেবে থাকছেন শাকিব, যিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার।
গত ২১ ফেব্রুয়ারি কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়েছে। আগামী ঈদকে টার্গেট করে ‘ভাইজান এলো রে’ নির্মিত হতে যাচ্ছে।








