আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। ১৯৯০ সালের আজকের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন।
দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলে প্রাঙ্গণে অবস্থিত ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, শহীদ মিলনের আদর্শকে ধারন করতে পারলে পেশাজীবীদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিলন স্মৃতি চত্ত্বরে শ্রদ্ধা জানিয়ে টিএসসিতে শহীদ ডা. মিলন হত্যার পুন:তদন্ত ও পুন:বিচার চেয়ে আলোচনা সভার আয়োজন করে শহীদ ডা. মিলন সংসদ।
আলোচনায় বক্তারা বলেন, শহীদ মিলনের রক্তদানের মধ্য দিয়েই সেসময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগের সঞ্চার হয় এবং ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে।
দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।








