বিনোদন

শরৎচন্দ্রের ‘দত্তা’য় বাংলাদেশের ফেরদৌস

শরৎচন্দ্রের ‘দত্তা’য় বাংলাদেশের ফেরদৌস

১০০ বছর আগে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ উপন্যাসটি নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সিনেমায় কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত ও জয় সেনগুপ্তর সঙ্গে থাকছেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ। বিষয়টি বৃহস্পতিবার সকালে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ফেরদৌস।

‘দত্তা’ ছবির প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে ফেরদৌস বলেন, ‘তিন মাস আগে কথা হয়েছিল ঋতুপর্ণার সঙ্গে। তার অনুরোধেই ছবির সঙ্গে যুক্ত হয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী বলে আগ্রহ পেয়েছি ছবির ব্যাপারে। এই মাস থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। কিন্তু আমি শিডিউল নিয়ে ঝামেলায় পড়েছি। আশা করছি, শিডিউল জটিলতার বিষয়টি সমাধান করে এই মাসেই শুটিং-এ যোগ দিতে পারবো।

ফেরদৌস জানান, পুরো ছবির শুটিং হবে শান্তিনিকেতনে।

ছবিতে বিজয়ার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা। নরেনের চরিত্রটি করছেন জয় সেনগুপ্ত। ফেরদৌস অভিনয় করছেন বিলাসের ভূমিকায়। রাসবিহারীর চরিত্রে থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী। ছবির পরিচালক নির্মল চক্রবর্তী জানালেন, মূল কাহিনী একই থাকছে।

বাংলাদেশের কোনো ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কিনা জানতে চাইলে ফেরদৌস বলেন, না, সেইভাবে এখনো নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চলছে, তবে সেগুলো এখনো ফাইনাল নয়।

বিষয়:ঋতুপর্ণা সেনগুপ্ত ফেরদৌস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…