শফিক রেহমানের আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিঞা বলেছেন, তার বিরুদ্ধে এজাহারে কোনো বক্তব্য নাই, কোনো অভিযোগ নাই, তদন্তেও তার বিরুদ্ধে এ পর্যন্ত কিছু আসে নাই। আইনজীবীরা আরো দাবি করেন, এ ধারার মামলা জামিনযোগ্য।
শনিবার শফিক রেহমানের রিমান্ড মঞ্জুরের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, তিনি বয়স্ক লোক, হার্টের রোগী এবং অসুস্থ। এমন শারিরীক অবস্থায় তিনি ওষুধ ছাড়া চলতে পারেন না।
যে ১২০ বি ধারায় তার বিরুদ্ধে আনা হয়েছে তা জামিন যোগ্য অপরাধ বলেও জানান শফিক রেহমানের আইনজীবী।
ষড়যন্ত্রের মামলায় বাংলাদেশ দণ্ডবিধির শুধু একটি ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান শফিক রেহমানের আইনজীবীরা। এডভোকেট মাসুদ তালুকদার বলেন, এই মামলাটি সরকার ভুল ভাবে দায়ের করেছে কারণ শুধু ১২০ এর বি ধারায় কোনো মামলা হতে পারেনা।
সজীব ওয়াজেদ জয়কে হত্যা-ষড়যন্ত্র মামলায় জিজ্ঞাসার জন্যে সাংবাদিক শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ওই ষড়যন্ত্রের অর্থায়ন ও সহযোগী বিএনপি শীর্ষ নেতাদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি।
শফিক রেহমানকে সকালে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।







