বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার সময় নেইমারকে নিয়ে যেমন নাটক চলছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে যাওয়া নিয়ে প্রায় তেমনই জল্পনা চলছে। স্প্যানিশ মিডিয়ার দাবি, জুভদের প্রস্তাব মেনে নিয়েছেন রোনালদো। এমনকি রিয়ালও ১০ কোটি ইউরোর প্রস্তাবে সায় দিয়েছে।
রোনালদোর জন্য ইতালিয়ান ক্লাবের প্রস্তাব প্রতি বছরে ৩ কোটি ইউরো। কর দেয়ার পর এই অর্থ হাতে পাবেন পর্তুগিজ তারকা। ইতালি ও স্পেনের মিডিয়ার জোর দাবি, চুক্তি একপ্রকার চূড়ান্ত। শনিবারই জুভেন্টাস নিজেদের জার্সিতে সামনে আনতে পারে রোনালদোকে।
স্প্যানিশ ফুটবলের নামী সাংবাদিক গেইয়েম বালাগে বলেছেন, ‘রিয়ালের সঙ্গে রোনালদোর প্রতিনিধিদের কথা হয়েছে। সে জুভেন্টাসে সই করতে চায়। রিয়াল রোনালদোর ইচ্ছেয় বাদ সাধছে না।’
জুভেন্টাসের সাবেক প্রধান নির্বাহী লুসিয়ানো মোগির দাবি, রোনালদো মিউনিখে নাকি জুভেন্টাসের জন্য ফিটনেস পরীক্ষাও দিয়েছেন। আর বালাগের বক্তব্য, পর্তুগিজ মহাতারকা এখন নিজেকে জুভেন্টাসের এক জনই মনে করছেন। ইতালির ক্লাবটির ম্যানেজিং ডিরেক্টর জুসেপে মারোত্তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে জবাব দিয়েছে, ‘এখন কিছুই বলব না।’
তাদের এইসব কথাবার্তার পর সারা বিশ্বে হইচই পড়ে যায়। কিন্তু দুই ক্লাবের পক্ষ থেকে এখনও কোনও টু শব্দ করা হয়নি। তবে দুদেশের মিডিয়া যেভাবে বলছে, তাতে রোনালদো ভক্ত ধরেই নিয়েছেন তিনি জুভেন্টাসে যাচ্ছেন। তারা রিয়াল না ছাড়ার জন্য ফেসবুক-টুইটারে রোনালদোর কাছে আর্জি জানাচ্ছেন।
এদিকে, ইতালি ও স্পেনের দুটি পত্রিকা খবর দিয়েছে, তুরিনে একটি বিখ্যাত বিলাসবহুল ভিলা বুক করেছেন রোনালদো। আপাতত ১৫দিনের জন্য। এই ভিলা আবার জুভেন্টাসের তারকাদের কাছে খুব প্রিয়। জিনেদিন জিদান, ফ্যাবিও ক্যানাভারোরা এই ভিলাতেই থেকেছেন। ব্যয়বহুল এই ভিলা রোনালদোর পক্ষেই বুক করা সম্ভব বলে মনে করছে মিডিয়া।







