স্পোর্টস

শততম টেস্ট নিয়ে বিসিবির ‘আক্ষেপ’

শততম টেস্ট নিয়ে বিসিবির ‘আক্ষেপ’

কলম্বোয় ‘জয় বাংলা কাপ’ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ১৫ মার্চ। টাইগারদের শততম টেস্ট ম্যাচ এটি। যা স্মরণীয় করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তাতে মন ভরছে না কর্মকর্তাদের। বিদেশের মাটিতে খেলা হওয়ায় নিজেরা বেশিকিছু আবার করতেও পারছেন না।

‘যদি বাংলাদেশের মাটিতে শততম ম্যাচটা হতো তাহলে অনেক পরিকল্পনা আমরা নিতাম। আড়ম্বরপূর্ণ হতো। যেহেতু এটা শ্রীলঙ্কায়, এজন্য আমাদের সেখানকার বোর্ডের ওপর নির্ভর করতে হচ্ছে’, আক্ষেপ করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তাদের চিঠি দিয়ে জানিয়েছি আমরা আনুষ্ঠানিক উদযাপন করতে চাই। বাংলাদেশের শততম টেস্ট উপলক্ষে আরও কিছু করা যায় কি না, সেটি বিবেচনা করতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছি।’

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের কণ্ঠেও একই সুর, ‘আমরা স্মৃতিটা ধরে রাখার জন্য ক্রিকেটার ও অফিসিয়ালদের ক্যাপ, ক্রেস্ট, ব্লেজার দিচ্ছি। এর চেয়ে বেশি করার ইচ্ছা ছিল। যেহেতু দেশের বাইরে খেলা, বড় আয়োজন করা সম্ভব হচ্ছে না। আশা করি শততম টেস্টে বাংলাদেশ দল দেশবাসীকে ভালো কিছু উপহার দেবে।’

‘‘এই ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়-কর্মকর্তারা যে স্মারক পাবেন তাতে লেখা থাকবে ‘শততম টেস্ট’। এছাড়া শততম টেস্টকে ঘিরে থাকছে বিশেষ স্যুভেনিওর’’, বলেন আকরাম।

শততম টেস্ট ম্যাচ দেখতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু যাবেন শ্রীলঙ্কায়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…