শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। মাইলফলকের এই ম্যাচে টস ভাগ্য হাসেনি টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের। কয়েনের বাজি জিতে সফরকারীদের ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।
চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও শততম টেস্ট ম্যাচের দল থেকে ছিটকে পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। ম্যাচে উইকেটকিপিংয়ের দায়িত্বে ফিরছেন অধিনায়ক মুশফিক।
১৮৭৭ সালের ১৫ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মেলবোর্নে টেস্ট ক্রিকেটের জন্ম হয়েছিল। ১৪০ বছর পর এই স্মরণীয় দিনটিতেই কলম্বোতে আজ নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।








