সাউথ আফ্রিকান মেয়েদের ১২৭ রানে আটকে ফেলায় একটা ভালো সম্ভাবনাই জেগেছিল। সম্ভাবনা ছিল তৃতীয় উইকেট জুটিতে ৭২ রানের দারুণ এক জুটি গড়ার পরও। কিন্তু এতকিছুর পর শেষপর্যন্ত প্রথম টি-টুয়েন্টিতে ১৭ রানের হার দেখেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।
কিম্বার্লিতে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আভাস দিচ্ছিলেন প্রোটিয়া মেয়েরা। দুই ওপেনার লিজেল্লে লি ও লরা উলভারডটের ৭৭ রানের জুটি ভাঙলে বোলিংয়ে রাশ টেনে ধরেন খাদিজা তুল কোবরা। এ টাইগ্রেস লেগস্পিনার ২৩ রানে তুলে নিয়েছেন প্রোটিয়াদের ৩ উইকেট। শেষপর্যন্ত স্বাগতিকদের ইনিংস থামে ৬ উইকেটে ১২৭ রানে।
ব্যাটিংয়ে ১৪ রানের মাথায় দুই ওপেনার শামিমা সুলতানা ও সানজিদা ইসলামকে হারায় বাংলাদেশ। সেখান থেকে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ৭২ রানের জুটি গড়েন রুমানা আহমেদ ও ফারজানা হক। রুমানা ৩৬ ও ফারজানা ৩৫ রানে সাজঘরে ফিরতেই ওয়ানডের মত ব্যাটিং ধস নামে বাংলাদেশের ইনিংসে।
জয়ের সম্ভাবনা জাগিয়ে হাতে ৫ উইকেট থাকার পরও লক্ষ্য থেকে ১৭ রানে দূরে থামে অতিথিদের ইনিংস। তিনম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টি হবে ব্লুমফন্টেইনে, শনিবার।







