ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিনের কণ্ঠে নতুন দুই গান প্রকাশ হয়েছে। পুলিশ সুপার দেওয়ান লালনের লেখা গান দুটির শিরোনাম ‘জারুল ফুল’ ও ‘কষ্ট ফুলের দল’। গানগুলোর সুর করেছেন রাজিব হোসাইন।
কণ্ঠশিল্পী লুমিন বলেন, দেওয়ান লালন সবসময়ই আমার প্রিয় গীতিকারদের একজন। এর আগে তার লেখা চারটি গান করেছি। নতুন করে আরো দুটি গান এলো। কথা সুর সব বিবেচনায় এ গান দুটিও সবাই পছন্দ করছেন। এ জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
গীতিকার দেওয়ান লালন আহমেদ সৃজনশীন লেখক। তার লেখা বিভিন্ন বই প্রকাশিত। এছাড়া কয়েক শ গান তিনি লিখেছেন। সম্প্রতি তিনি গীতিকার হিসেবে গীতিকবি সংঘের সদস্য হয়েছেন।
দেওয়ান লালন বলেন, ‘জারুল ফুল’ মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মায়াবী স্মৃতি, জারুল ফুল মানে বিদীর্ণ স্বপ্নের অদ্ভূত টান, জারুল ফুল সেই সময়ের বোধ, যে বোধ আমাদের সবার মনকে অন্যভাবে নাড়া দেয়। সেই অনুভূতির বহিঃপ্রকাশ এই গান। গানের নেপথ্যে যারা জড়িত, প্রত্যেকের জন্য মন থেকে ভালোবাসা।
আরেক গান ‘কষ্ট ফুলের দল’ প্রসঙ্গে গীতিকার জানান, ভিন্ন ধাঁচের কথার এই গানট মূলত কবি হেলাল হাফিজ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। কষ্টের নিবিড়তা, কলঙ্ক কালিমা, ভালবাসার নীল দহন মূল উপজীব্য।







