বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপলের ‘লিসা’ অপারেটিং সিস্টেম

টেক জায়ান্ট অ্যাপলের প্রথম দিককার অপারেটিং সিস্টেম (ওএস) ‘লিসা’ আবার ফিরে আসছে। ক্যালিফোর্নিয়ার কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম ‘লিসা’ ওএসের সোর্সকোড পুনরুদ্ধার করেছে এবং বর্তমানে ওই কোড পর্যবেক্ষণ করছে অ্যাপল। সুবিধামতো সময়ে তা ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে দেয়া হবে বলেও জানা গেছে।
কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম সূত্রে এ তথ্য জানিয়েছে বিভিন্ন টেক গণমাধ্যম।
কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামের সফটওয়্যার বিষয়ক তত্ত্বাবধায়ক আল কসো বলেন, লিসা ওএস ও অ্যাপ্লিকেশন পুনরুদ্ধার করা হয়েছে, তা সোর্স কোডে রূপান্তর করতে সমর্থ হয়েছি আমরা। লিসা পুনরুদ্ধার করে অ্যাপলের কাছে পাঠিয়েছি, তারা তা পর্যালোচনা করছে। অ্যাপল পর্যালোচনা শেষে এটি উন্মোচনের অনুমতি দিলে তা বাজারে বিনামূল্যে ছাড়া হবে।
১৯৮৩ সালে তৈরি হওয়া লিসা এমন এক পার্সোনাল কম্পিউটারে ব্যবহার হয়েছিল, যাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও মাউস ব্যবহারের সুবিধা ছিল। সে সময় লিসা চালিত কম্পিউটার খুব কমই বিক্রি হয়েছিল।



