ইংলিশ লিগ কাপের ফাইনালে জায়গা করে নিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে প্রথম লেগের সেমিফাইনালেই কাজ মূলত সেরে রেখেছিল সিটিজেনরা। সেবার তারা ৯-০ গোলে পরাজিত করে বার্টন অ্যালবিয়নকে। ফিরতি লেগে বার্টনের মাঠে ১-০ গোলে জয় তুলে নেয় সিটি। ফলে দুই পর্ব মিলিয়ে ১০-০ গোলের ব্যবধনে এগিয়ে থেকে ফাইনালে যায় প্রিমিয়র লিগ চ্যাম্পিয়নরা।
ম্যানসিটির হয়ে প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন সার্জিও আগুয়েরো। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সহজ সুযোগ পেলেও জয়ের ব্যবধান বাড়িয়ে নিতে ব্যর্থ হয় সিটিজেনরা।
ফিরতি ম্যাচের ২৬ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থকে সিটির হয়ে জয়সূচক গোল করেন আগুয়েরো। দ্বিতীয়ার্ধে দানিলো, জেসুস ও ফডেন একটি করে সহজ সুযোগ নষ্ট করেন।
ম্যানসিটির সামনে সুযোগ ছিল টুর্নামেন্টের ইতিহাসে দুইপর্ব মিলিয়ে সব চেয়ে বড় ব্যবধানে জয় তুলে নেয়ার। ফিরতি লেগে এক গোলেই সন্তুষ্ট থাকায় রেকর্ডের খুব কাছে এসেও থমকে যেতে হয় ‘দ্য স্কাই ব্লুজ’দের।
লিগ কাপে এখনো পর্যন্ত দুই লেগের ম্যাচে চেয়ে বড় ব্যবধানে জয়ের নজির রয়েছে যুগ্মভাবে লিভারপুল, ওয়েস্টহ্যাম, ওয়াটফোর্ড ও এভার্টনের নামে। চার দলই লিগ কাপে ১১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আগে।
ম্যানসিটি দুইপর্ব মিলিয়ে ১০ গোলের ব্যবধানে সেমিফাইনালের লড়াই জেতে। প্রথম লেগে আরও একটি রেকর্ড হাতছাড়া করেছিল পেপ গার্দিওলার দল। ইএফএল কাপে এক ম্যাচে সর্বাধিক ১০ গোলে জয়ের রেকর্ড রয়েছে লিভারপুল ও ওয়েস্টহ্যামের। ম্যানসিটি প্রথম লেগে ৯-০ গোলে জেতে।








