প্রথম লেগে বড় জয়ে অনেকটাই এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে করতে হতো অবিশ্বাস্য কিছুই। সাম্প্রতিক যে ফর্ম রেড ডেভিলদের, শঙ্কা ছিল আরেকটি হতাশার রাতের! ধুঁকতে থাকা সেই ম্যানইউই দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানসিটির বিপক্ষে। তাতে অবশ্য সিটিজেনদের কারাবাও কাপের ফাইনালে যাওয়া আটকায়নি।
বুধবার রাতে লিগ কাপের সেমিতে ফিরতি লেগে ম্যানসিটির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানইউ। নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে জিতলেও আগের লেগে ঘরের মাঠে ম্যানইউ হেরেছিল ৩-১ গোলের বড় ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামীতা ম্যানসিটিকে ফাইনালে তুলে দিয়েছে।
আগামী ১ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার মঞ্চে নামবে কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। পেপ গার্দিওলার দলের শিরোপা ধরে রাখার মিশনে প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। অন্য সেমিতে লেস্টার সিটিকে দুই লেগের যোগফলে ৩-২ গোলের অগ্রগামীতায় হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে অ্যাস্টনরা।
ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে আধাঘণ্টা ছিল গোলশূন্য। ৩৫ মিনিটে গেরোটা খোলেন নেমানজা মাতিচ। সার্বিয়ান মিডফিল্ডারের গোলে লিড নেয় অতিথিরা।
মধ্যবিরতি থেকে ফিরে ম্যাচের ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড দেখে মাতিচ মাঠ ছাড়লে দশজনের দল হয়ে পড়ে ম্যানইউ। ম্যাচের বাকি অংশে তাদের চেপে ধরেও ড্র আনার মতো একটা গোলও আদায় করতে পারেনি সিটিজেনরা।







