আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ফেসবুকে পেজে নিজের একটি লেখা প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী কবীর সুমন। লেখাটি তিনি প্রথম প্রকাশ করেছিলেন ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি। আজ আবারো পোস্ট করতে গিয়ে কবীর সুমন লিখেছেন ‘একুশে! লেখাটি আমার এখনও প্রাসঙ্গিক ।’
চ্যানেল আইয়ের অনলাইনের পাঠকদের জন্য কবীর সুমনের পেজ থেকে নেওয়া হলো লেখাটি।
আমার ১৬ নম্বর
একুশে
তুমি কি ফেসবুকের দেশ চেনো
বিরাট
এখানে অনেকে আমায় বলে রাজাকার
কাল জানলাম
আমি বলেছি
শাহ্বাগের সময়ে বানানো আমার গানগুলো আমি
“Diswon” করেছি
একুশে
একজন বাঙলাভাষীও যদি এমন বলতে ও প্রচার করতে পারে
তাহলে তুমি মিথ্যে
তুমি সত্যিসত্যি সত্যি হলে কোনও বাংলাভাষী মানুষের মনে
এমন কথা আসত না
একুশে
এবারে তোমার বসন্তের কমাণ্ডো পাঠাও
রিক্রুট করো ফেসবুকদেশ থেকে
আমায় মেরে সুখ পাবে
শুধু দেখো
আমার রক্ত যেন ওরা চেটেপুটে খেয়ে নেয়
মাটিতে পড়লেই মুশকিল
আমার মতো আরও কিছু রাজাকার ও শাহ্বাগবিরোধী উঠে দাঁড়াবেই
একুশে
রিক্রুট করে পাঠাও তোমার বসন্তের কমাণ্ডো
আমি ততক্ষণ
মুসলিম কবিদের লেখা শ্যামাসঙ্গীতে সুর করে গেয়ে যাই ।।
+++++++
কবীর সুমন ২১ ফেব্রুয়ারি ২০১৫








