নিজের জীবন সম্পর্কে লিখতে চান হৃতিক রোশন। কিন্তু তিনি জানিয়েছেন, তিনি নাকি লিখতে পারেন না! করণ জোহরের ‘অ্যান আন-সুইটেবল বয়’, ইয়াসির উসমানের ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ কিংবা ঋষি কাপুরের ‘খুল্লাম খুল্লা’র মতো অনেক বলিউড তারকাই আত্মজীবনী লেখার প্রতি ঝুঁকছেন। শাহরুখ খানও নিজের জীবন সম্পর্কে লেখার কাজ শুরু করেছেন। তাই হৃতিক জানিয়েছেন, তারও আত্মজীবনী লেখার ইচ্ছা আছে কিন্তু ভালো লেখার ব্যাপারে তেমন দক্ষ নন তিনি।
ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানান চড়াই উৎরাই পার করেছেন হৃতিক। এই বিষয়গুলোকেই বইয়ের পাতায় তুলে ধরা ইচ্ছা তার। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বই লেখার ইচ্ছা আছে, কিন্তু আমি লেখক নই।’
চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০০০ সালের ২০ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন হৃতিক রোশন ও সুজান রোশন। ২০১৩ সালের ডিসেম্বরে সুজানের সাথে বিচ্ছেদ হয় হৃতিকের। এরপর অনেকবারই সহশিল্পীদের সাথে প্রেমের গুজব রটে হৃতিকের নামে। কিছুদিন ধরেই হৃতিক আলোচনায় আছেন কঙ্গনার সাথে প্রেমের গুজব এবং অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে। মিড ডে।







