শনিবার ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়ল বার্সেলোনা। আর এ জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে পৌঁছে গেল আর্নেস্টো ভালভার্দের দল।
৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ পিছিয়ে আছে ১৪ পয়েন্ট ব্যবধানে।
রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায়ের জ্বালা নিয়ে ন্যু ক্যাম্পে নামা বার্সা ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় লুইস সুয়ারেজের গোলে। ফিলিপে কৌতিনহোর রক্ষণচেরা পাস ঠাণ্ডা মাথায় ভ্যালেন্সিয়ার জালে জড়িয়ে দেন উরুগুয়ে ফরোয়ার্ড।
বিরতির পর ৫১ মিনিটে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন স্যামুয়েল উমতিতি। প্রথম গোলের মতো এ গোলেও অবদান কৌতিনহোর। এ ব্রাজিলিয়ান তারকার কর্নার কিকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান স্বাগতিক ডিফেন্ডার।
প্রায় পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা লিওনেল মেসির দেখা মেলে ৭৮ মিনিটে। কিন্তু সেই দেখায়ও বার খুঁজে পাননি। অতিথিদের ডি-বক্সের খুব কাছ থেকে নেওয়া আর্জেন্টাইন অধিনায়কের শট পোস্ট ঘেঁষে চলে যায় মাঠের বাইরে।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে এক গোল শোধ করে ভ্যালেন্সিয়া। ডানি পারেজোকে ডি-বক্সে ফেলে দিয়ে অতিথিদের পেনাল্টি উপহার দেন ডেম্বেলে। ৮৭ মিনিটে স্পটকিক থেকে নিজেই গোল করেন পারেজো।







