শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টাই করছে সকলে। জঙ্গিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। কিন্তু সৌদি আরব সেই সুযোগটা হেলায় হারিয়ে কুড়িয়েছে ফুটবল বিশ্বের নিন্দা। বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে লন্ডন হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালনে অস্বীকৃতি জানিয়েছে সৌদি।
গত ৩ জুন লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ২ জন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন। পেশায় নার্স কার্স্টি বডেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের বাঁচাতে গিয়ে নিহত হন। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রস্তাব ছিল ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের।
প্রতিপক্ষ সৌদি আরব তাতে রাজি হয়নি। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা যখন নীরবতা পালন করেছেন, তখন সৌদির খেলোয়াড়রা ছিলেন নিজেদের গা গরমে ব্যস্ত। ভদ্রতা দেখিয়েছেন কেবল একজন খেলোয়াড়, সৌদি দলের সালমান ফারাজ অজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন নীরবতা পালনে অংশ নিয়ে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে নিন্দার ঝড়। সৌদির নাগরিকরা এভাবে শোক পালন করে না বলে অনেকে যুক্তি দিলেও তা হালে পানি পাচ্ছে না। গত ডিসেম্বরে বার্সেলোনার সঙ্গে এক সৌদি ক্লাবের প্রীতি ম্যাচের সময় খেলোয়াড়রা নীরবতা পালন করেছেন এমন কথাও উঠে এসেছে।

ম্যাচে সৌদি না পারলেও অস্ট্রেলিয়া ভালো মতই তাদের শোককে শক্তিতে রূপান্তর করেছে। পেয়েছে ৩-২ গোলের দারুণ এক জয়। এই জয়ে ২০১৮ বিশ্বকাপের পথে এক পা ফেলে রেখেছে অজিরা।
রাতের অন্য বাছাই ম্যাচগুলোতে কনক্যাকাফ অঞ্চলে যুক্তরাষ্ট্র ২-০ গোলে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে, মেক্সিকো ৩-০ গোলে হন্ডুরাসকে হারিয়েছে।








